নিউ ইয়র্ক সিনেট প্রতিনিধিদলের কাছে ন্যানোটেকনোলজি বিষয়ে সহায়তা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল শুক্রবার এফবিসিসিআই কার্যালয়ে নিউ ইয়র্ক সিনেট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম।
নিউ ইয়র্ক সিনেট প্রতিনিধিদলের সদস্যরা হলেন সিনেটর লুইস আর সেপুলভেদা, সিনেটর জন লিউ, সিনেটর জেমস স্কউফিস, সিনেটর কেভিন এস পারকার ও লেরয় কমরি। এফবিসিসিআই সভাপতির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, মো. রেজাউল করিম রেজনু প্রমুখ।
প্রতিনিধিদল জানায়, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের আর্থিক এপিক সেন্টার ও কৃষিসমৃদ্ধ একটি রাজ্য। তাই তারা চেম্বার অব কমার্স ও বিজনেস কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে স্টেট লেভেল পার্টনারশিপ করতে আগ্রহী। নিউ ইয়র্কের অর্থনৈতিক উন্নয়নে আমেরিকান বাংলাদেশি ও অনাবাসী বাংলাদেশিরা বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
শেখ ফজলে ফাহিম বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রুত অগ্রসরমান উন্নয়ন প্রকল্পসমূহসহ বিভিন্ন নীতি প্রণয়নে বেসরকারি খাতের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের অংশীদারত্ব ও সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ জরুরি। এছাড়া এফবিসিসিআই সিডব্লিউইআইসি, ইউএন, ডব্লিউটিও, আইটিসি, আইসিসি, এসআরসিআইসি (সিল্ক রুট), এসসিসিআইসহ ৯৭টিরও বেশি বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নীতিনির্ধারক হিসেবে কাজ করছে।
তিনি বলেন, ২০১৯ অর্থবছরে বন্ধুপ্রতিম দেশ দুটির দ্বিপক্ষীয় বাণিজ্য ৮ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। এতে রপ্তানির পরিমাণ ৬ দশমিক ৮৭ বিলিয়ন ডলার ও আমদানি ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। এটি দেশ দুটির মধ্যে নলেজ ট্রান্সফার, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক এক্সচেঞ্জ এবং বাণিজ্য বাড়ানোর বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।