ঘোষণার সাত মাস পর শুটিং ফ্লোরে গড়াচ্ছে আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’। প্রথমে শোনা গিয়েছিল শুটিং শুরু হবে পাঞ্জাবে। এবার জানা গেল, মুম্বাইয়ের মিস্টার পারফেকশনিস্টের মায়ের হাত ধরে ক্যামেরা চালু হবে।
বলিউড হাঙ্গামা জানায়, ‘লাল সিং চাড্ডা’র প্রথম ক্ল্যাপ দেবেন আমির খানের মা জিনাত হুসাইন। এই নায়কই মাকে অনুরোধ করেছেন।
আন্ধেরির ইয়াশ রাজ স্টুডিওতে ৩১ অক্টোবর শুরু হবে অদ্বৈত চন্দন পরিচালিত সিনেমাটির দৃশ্যায়ন। এই প্রথমবারের মায়ের হাত দিয়ে শুরু হবে আমির খানের কোনো ছবি।
একাধিক সাক্ষাৎকারে আমির জানান, মায়ের ভীষণ ভক্ত তিনি। মাকেই জীবনের অনুপ্রেরণা মানেন।
টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিশিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই ছবিতে ভারতের ইতিহাসের চার দশকের উল্লেখযোগ্য ঘটনা দেখানো হবে। শুটিংয়ের প্রথম ১৫দিন মুম্বাইয়ের ঘটনাবলি ধারণ করা হবে। এরপর টিম যাবে দিল্লি ও পাঞ্জাবসহ উত্তর ভারতের বিভিন্ন লোকেশনে।
ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। আরও আছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি।
‘লাল সিং চাড্ডা’ ছাড়াও বর্তমানে আমির খানের হাতে আছে দুই সিনেমা- তামিল ‘বিক্রম ভেদা’র একই নামের অফিশিয়াল রিমেক ও টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের বায়োপিক ‘মুঘল’। এই নায়কের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে।