পাকিস্তান টি- টোয়েন্টি দলের নবনিযুক্ত অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে তার দল। তবে এই চ্যালেঞ্জ নিতে সতীর্থরা প্রস্তুত বলে জানিয়েছেন বাবর।
চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এর জের ধরে গত সপ্তাহে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি দলেও নেতৃত্ব হারান সরফরাজ আহমেদ। এমনকি এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে এই দুই ফরম্যাটের দল থেকেও বাদ দেয় পিসিবি।
সরফরাজের জায়গায় টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয় আজহার আলির হাতে। বাবরকে দেওয়া হয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব।
বাবরের নেতৃত্বে নভেম্বরের শুরুতেই স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ৩ নভেম্বর সিডনিতে হবে প্রথম টি-টোয়েন্টি। ক্যানবেরায় ৫ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচ ও তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৮ নভেম্বর পার্থে।
এই সিরিজ প্রসঙ্গে পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক বাবর আজম সাংবাদিকদের বলেন, “প্রতিটা সফরই কঠিন। আর অতিরিক্ত বাউন্সের কারণে অস্ট্রেলিয়া সফর সবসময়ই চ্যালেঞ্জিং। সব সময়কার মতো আমরা জয়ের জন্যই যাব।”
মাত্র ২৫ বছর বয়সেই পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়া প্রসঙ্গে বাবর বলেন, “আমি অধিনায়ক এ নিয়ে আমি গর্বিত।”
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে মোটেও ভালো করতে পারেননি বাবর। তিন ম্যাচে তার যথাক্রমে ১৩, ৩ ও ২৭। নিজের পারফরম্যান্স প্রসঙ্গে পাকিস্তান দলের তারকা এই ব্যাটসম্যান বলেন, “মাত্র তিনটি ম্যাচ দিয়ে আমাকে বিচার করবেন না।”