ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিহতদের বাবা-মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভোলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।’
মুকুল বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত টিমের রিপোর্ট অচিরেই পাওয়া যাবে।
তিনি বলেন, পুরো ঘটনাটি গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে, তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় দোষীদের খুঁজে বের করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের সহায়তাও কামনা করেন স্থানীয় এই সংসদ সদস্য।
ভোলা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, নিহতদের পরিবারকে মানবিক সহায়তা করা হয়েছে। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়াসহ সবগুলো দাবিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
এদিকে জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির প্রধান ভোলার স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহমুদুর রহমান শুক্রবার দিবাগত রাতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের হাতে ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন।
ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, তদন্ত প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।