ফিক্সিং কাণ্ডে ভারতীয় খেলোয়াড়-কোচ গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ভারতের এক খেলোয়াড় ও কোচ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ক্রিকেটারের নাম বিশ্বনাথন। তিনি কর্নাটক প্রিমিয়ার লিগে অংশ নেওয়া বেঙ্গালুরু ব্লাস্টার্স দলের ব্যাটসম্যান বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া কোচ ভিনু প্রসাদ একই দলের বোলিং কোচ বলে জানানো হয়েছে।

কর্নাটক পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গালুরু থেকেই ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত ওই ক্রিকেটার ও কোচকে গ্রেপ্তার করে। এই ঘটনায় আর কে বা কারা যুক্ত তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

২০১৮ সালে হওয়ার একটি ম্যাচ পাতানোর অভিযোগ তাদের বিরুদ্ধে। অভিযোগ, কর্নাটক প্রিমিয়ার লিগে বেঙ্গালুরু ব্লাস্টার্স ও বেলাগাভি প্যান্থার্সের মধ্যেকার ম্যাচ চলার সময় ফিক্সিং-র ঘটনা ঘটে। পাঁচ লাখ রুপির জন্য বেঙ্গালুরু ব্লাস্টার্সের ক্রিকেটার বিশ্বনাথন ইচ্ছাকৃত ভাবে ধীর গতিতে ব্যাট করেন বলে জানিয়েছে পুলিশ। এই কাণ্ডে বেঙ্গালুরু ব্লাস্টার্সের বোলিং কোচ ভিনু প্রসাদ জড়িত বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা।

শুরুতে ভবেশ বাফনা নামে একজন জুয়ারিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে জেরা করেই এই কাণ্ডে ব্যাটসম্যান বিশ্বনাথন ও ফিল্ডিং কোচ ভিনু প্রসাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।