গাছ ছেঁড়ায় ২ বছরের শিশুকে পিটিয়ে রক্তাক্ত

হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় মা ও শিশু আহত হয়েছেন। শনিবার দুপুরে মাধবপুর পৌর শহরের গুমুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গুমুটিয়া গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী পারভিন (২৫) ও তার শিশু কন্যা আলিয়াতুনেছা(২)।

আহত গৃহবধূ পারভিন বেগম জানান, ওই গ্রামের প্রতিবেশী আবু তাহেরের সঙ্গে তার জায়গা-সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে তাদের শিশুকন্যা আলিয়াতুনেছা একটি গাছ ছিঁড়ে ফেলায় প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা করে।

এতে মা ও শিশু আহত হয়ে মাধবপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মাধবপুর থানার ওসি আজমিরুজ্জামান জানান, পূর্ববিরোধের জের ধরে শনিবার দুপুরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় একপর্যায়ে মা ও শিশু আহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।