সমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জঙ্গিবাদ নির্মূল করেছি, এখন লড়াই দুর্নীতির বিরুদ্ধে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করেছি; এখন লড়াই দুর্নীতির বিরুদ্ধে। নিরপেক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমরা দেশকে দুর্নীতিমুক্ত করব। গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যেখানে দুর্নীতিÑ সরকার সেখানে হাত বাড়িয়ে তা নির্মূল করবে। কারণ দুর্নীতির শিকড় অনেক গভীরে। তাই দুর্নীতি উপড়ে ফেলতে আমরা সবাই সচেষ্ট থাকব। তিনি আরও বলেন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করবেন না। যারা বিপথগামী হয়েছে তিনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যারা অপকর্মের সঙ্গে জড়িত, তিনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কার্পণ্য করছেন না। এটা যেমন নিজের দলের প্রতি মেসেজ, তেমনি অন্যদের জন্য মেসেজ।