গ্রুপ পর্ব থেকেই বসুন্ধরা কিংসের বিদায়

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির বিপক্ষে ৪-২ গোলে হারে বসুন্ধরা কিংস। ফলে তিন ম্যাচে ১ জয় ও ২ হারে গ্রুপ পর্বেই থামতে হয় দলটিকে।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সেমিফাইনালের টিকিট কাটতে বসুন্ধরা কিংসকে জিততেই হতো। এদিন দিনের প্রথম ম্যাচে একই গ্রুপে থাকা গোকুলাম কেরালা এফসি ২-০ গোলে হারায় চেন্নাই সিটি এফসিকে। ফলে চেন্নাইয়ের বিদায় নিশ্চিত হয়। আর গোকুলাম ওঠে যায় সেমিতে।

ওদিকে বসুন্ধরার সামনে সমীকরণ হয়ে যায় কঠিন। বাংলাদেশের চ্যাম্পিয়নদের ড্র করলেও বিদায় নিতে হতো। এমন ম্যাচে এলোমেলো খেলে বড় ব্যবধানে হেরে বসে দলটি। যদিও কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ মাতানো দানিয়েল কলিন্দ্রেদের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল তারাই।

তেরেঙ্গানু এফসির পক্ষে হ্যাটট্রিক করেন একসময় আবাহনীর জার্সিতে খেলা লি টাক। দুটি গোলই তিনি করেন পেনাল্টি থেকে। দলটির হয়ে অন্য গোলটি করেন আজালিনুল্লাহ। শেষ দিকে বসুন্ধরার পক্ষে দ্বিতীয় গোলটি করেন লেবাননের ফুটবলার জামাল কোদুহ। তাতে শুধু হারের ব্যবধানই কমেছে (২-৪)।

৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ওঠেছে তেরেঙ্গানু এফসি। সামন জয় ও ড্রতে ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় হয়েছে গোকুলাম কেরালা এফসি।

সোমবার আসরের দুই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় প্রথম সেমিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আহানী খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ গোকুলাম কেরালার। আর সন্ধ্যা ৭টায় ‘বি’ গ্রুপের সেরা তেরেঙ্গানু খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ মোহনবাগানের বিপক্ষে।

আসরের ফাইনাল ৩০ অক্টোবর।