চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কয়েকটি মহল্লায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। গত শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত সদর হাসপাতালে নতুন ৯১ জন আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার জানান, পৌরসভার হরিপুর, দ্বারিয়াপুর, উপর রাজারামপুর, নামোনিমগাছি, দুর্গাপুরসহ কয়েকটি মহল্লায় গত বৃহস্পতিবার ডায়রিয়া দেখা দেয়। ওই দিন হাসপাতালে ভর্তি হয় ১১০ জন। পরদিন শুক্রবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫২ জনে।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, ডায়রিয়া ওয়ার্ডের ১২ বেডের বিপরীতে ব্যাপক রোগী ভর্তি হওয়ায় তাদের হাসপাতালের বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ‘পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকায় সরবরাহ করা পানি পাঁচটি পয়েন্টে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তিনটি পয়েন্টে জীবাণু পাওয়া গেছে। পৌরসভার পক্ষ থেকে ওই সব এলাকার সরবরাহ করা পানি ফুটিয়ে পান করার জন্য মাইকিং করা হচ্ছে।’