জন্মদিনে সেঞ্চুরি হাঁকানো ওয়ার্নারকে মোস্তাফিজের শুভেচ্ছা

নিজের ৩৩তম জন্মদিন স্মরণীয় করে রাখলেন ডেভিড ওয়ার্নার। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতকের দেখা পেলেন অস্ট্রেলিয়ার এই ওপেনিং ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে দলকে এনে দিয়েছেন উড়ন্ত জয়। জন্মদিনে সেঞ্চুরি হাঁকানো তারকা এই ব্যাটসম্যানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

অ্যাডিলেইড ওভালে রোববার শ্রীলঙ্কাকে ১৩৪ রানে হারানোর ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ৫৬ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে দশটি চার ও চারটি ছক্কার মার। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই ফরম্যাটে এই প্রথম তিন অঙ্ক স্পর্শ করলেন এই অজি ক্রিকেটার।

এর আগে টি-টোয়েন্টিতে ওয়ার্নারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল অপরাজিত ৯০। ২০১৩ সালে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন এই অজি ব্যাটসম্যান। জন্মদিন, আর সেঞ্চুরি উপলক্ষে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সাবেক সতীর্থ ওয়ার্নারকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মোস্তাফিজ।

“জন্মদিনে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। বিশেষ দিনটা উদযাপনের কী পন্থা! কিংবদন্তি ডেভিড ওয়ার্নারের এমন দিন বারবার ফিরে আসুক। সুখী হোন এবং আমাদের আরও বেশি বেশি আনন্দ দিয়েন। (কিন্তু আমার বিপক্ষে আউট হতে ভুলবেন না)।”