চট্টগ্রামের আনোয়ারায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিদেশি মদ পাচারের সময় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর ৫টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের ক্যাপ্টেন বখতিয়ার সড়কের বখতিয়ারপাড়া এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে পুলিশ ৭৫ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা উপজেলার দুধকুমড়া গ্রামের হাজী খলিলুর রমানের ছেলে জামাল হোসেন (৩২), একই এলাকার নুরুজ্জামানের ছেলে নুর কবির (২৭), মৃত আবদুর রহিমের ছেলে নুরনবী (২৫), বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল গ্রামের জাকির হোসেনের ছেলে মো. আশিক (২৪) ও বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী গ্রামের মৃত মোহাম্মদ রফিকের ছেলে জিল্লুর রহমান (৩২)।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রবিবার ভোরে উপজেলার বারশত ইউনিয়নের কালী বাড়ি এলাকায় বখতিয়ার সড়কে অবস্থান নেয়।
এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার পুলিশের সংকেত না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়িটির পিছু ছুটে বখতিয়ারপাড়া এলাকায় প্রাইভেটকারটি আটক করে। পরে প্রাইভেটকারের ভেতর থেকে ৫৫ বোতল রেড লেভেল ও ২০ বোতল ভটকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
তার মধ্যে গ্রেপ্তার জামাল হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাইভেটকারটি তারা মাদক পাচারে ব্যবহার করতেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।