ভোলার তজুমদ্দিনের মেঘনায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় মাছ ধরায় ব্যবহৃত ৬ হাজার মিটার জাল ও তিনটি নৌকা জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা। পরে আটক ১২ জেলেকে ১ বছর কারাদণ্ড ও ৭ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বরিবার সকালে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড মেঘনার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালায়। এ সময় তজুমদ্দিন উপজেলার সিডার চর এলাকায় মাছ ধরার সময় ১৯ জেলেসহ ৬ হাজার মিটার জাল ও তিনটি মাছ ধরার নৌকা আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জেলে শাজাহান (৪৫), ছালাউদ্দিন (৪০), জাকির (৪০), নাগর (৪০), আলমগীর (২৫), সোহরাব (৩০), আ. মন্নান (২৫), ইব্রাহীম (২২), জুয়েল (২৫), আ. রহিম (৩০), রিয়াজ (৩০), আ. আলীকে (৪০) এক বছর কারাদণ্ড দেন।
এ ছাড়া জেলে সোহেল (১৬), হাসান (১৬), জিহাদ (১৪), তামজিদ (১১), মো. আবু (৫৫), জাবেদকে (১৬) ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। আটক জেলেরা বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলার বাসিন্দা।