মান্থলি পে অর্ডারভুক্ত (এমপিও) না হওয়ায় পাঠদান বন্ধ করে দিয়েছেন রাঙ্গামাটির কাপ্তাইয়ের কেআরসি উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা। ৩৫ বছরেও ঐতিহ্যবাহী বিদ্যালয়টির ভাগ্যে এমপিও না জোটায় ক্ষোভে ফুঁসছেন তারা। ইতিমধ্যে জেএসসির নির্বাচনী পরীক্ষাসহ বিদ্যালয়ের পাঠদান স্থগিতের ঘোষণা দিয়েছেন।
বিদ্যালয় এমপিওভুক্ত না হওয়া করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে মুঠোফোনে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল আলম। গত শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা উপজেলা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আন্দোলনের বিষয়ে মৌখিকভাবে জানিয়েছেন।
রফিকুল আলম বলেন, ‘২০০২ সালে কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যাল কমপ্লেক্স (কেআরসি) লোকসানের মুখে বন্ধ হয়ে গেলে এই প্রতিষ্ঠানের আওতাধীন বিদ্যালয়টির ভাগ্যে দুর্ভোগ নেমে আসে। তারপর থেকেই আগামী প্রজন্মকে রক্ষার চেষ্টায় এই বিদ্যালয়েই দেড়-দুই হাজার টাকা বেতন নিয়ে জীবনযুদ্ধে সংগ্রাম করে চলছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর পারছি না।’
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারমান মফিজুল হক বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক হলেও বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে তাদের এমন আন্দোলন করাটা ঠিক হবে না।