নাটোরে প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সিংড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম কামরান। এ সময় কনিকার ফেইসবুক আইডি থেকে তার পারিবারিক গোপন ছবিসহ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে আইসিটি আইনে মামলা করার কথা জানান কামরান।

গতকাল রবিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কামরান বলেন, ২২ অক্টোবর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন নিউজ পোর্টালে তার সহধর্মিণীর সঙ্গে কার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। কামরান বলেন, শুভাকাক্সক্ষীদের কাছে শুনে তিনি আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রী কনিকার ফেইসবুক আইডিতে ঢুকে দেখতে পান দ্বিতীয় স্ত্রী মিফতাহুল জান্নাত মিষ্টির সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবিসহ কিছু বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে নৈতিক স্খলন করে আমাকে একজন চাঁদাবাজ, অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

কামরান বলেন, জীবনে কোনো দিন মদ স্পর্শ করিনি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে কামরান বলেন, তোলপাড় হওয়া পোস্টে ক্ষুব্ধ হয়ে আপন ছোট ভাইসহ দুজন স্ট্যাটাস দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলেও মূল স্ট্যাটাসকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।