পাঁচ হাজার নারীর কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে গতকাল রবিবার মাগুরা শহরের মীরপাড়া ব্র্যাক সেন্টারে আয়েশা আবেদ ফাউন্ডেশনের আড়ংয়ের ১৬তম উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হয়েছে।
প্রায় ২০ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও ব্র্যাকের সিনিয়র অ্যাডভাইজার আবদুল করিম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, ব্র্যাকের অর্থ কর্মকর্তা তুষার কুমার ভৌমিক, আড়ংয়ের সিইও আশরাফুল আলম, আয়েশা আবেদ ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা শশী কুমার, ফাউন্ডেশনের জিএম ইসলাম মিয়া, প্রশাসনিক কর্মকর্তা গিয়াসউদ্দিন, আমিনুল আলম ও জেলা ব্র্যাক প্রতিনিধি বেগম রোকেয়া প্রমুখ।
ব্র্যাক কর্মকর্তারা জানান, মাগুরাতে গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়নে আয়েশা আবেদা ফাউন্ডেশনের উৎপাদন কেন্দ্রে নারীরা গার্মেন্টস ডিজাইন, ব্লক ডিজাইন, এমব্রয়ডারি, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিস, বেবি ড্রেস, হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরির কাজ করবেন। উৎপাদিত পণ্য আড়ংয়ের মাধ্যমে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেটসহ বিভাগীয় শহরে বিক্রি করা হবে। প্রাথমিকভাবে জেলার বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ এ কেন্দ্রে কাজ শুরু করেছেন।