বরগুনা পৌর শহরের উপকন্ঠে ক্রোক এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের বারান্দার বাইরে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমরানের (১৪) বাড়ি বরগুনার সদর উপজেলার সদর ইউনিয়নের ক্রোক গ্রামে। তার বাবার নাম খলিল ফিটার।
স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা জানায়, ইমরান বরগুনা পৌর শহরের কনফিডেন্স স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। রবিবার বিকেলে কোচিং শেষে সন্ধ্যায় বাসায় ফিরে স্কুলব্যাগ রেখে বাইরে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। গভীর রাতেও বাসায় না ফেরায় ইমরানকে খোঁজাখুঁজি করেন তার মা-বাবা। কিন্তু কোনো সন্ধান মেলেনি। ফজরের আজানের সময় মসজিদে এসে মোয়াজ্জিন আহসান হাবিব ইমরানের মরদেহ বারান্দার বাইরে ঝুলতে দেখেন।
নামাজের পর মুসল্লিরা ইমরানের মা-বাবাকে খবর দেন। পুলিশ লাশের সুরতহাল করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মোয়াজ্জিন আহসান হাবিব বলেন, আমি সকালে মসজিদে আজান দিতে এসে ঝুলন্ত অবস্থায় ইমরানকে দেখতে পাই। এরপর স্থানীয় এলাকাবাসীকে বিষয়টি জানালে তারা পুলিশ ও ইমরানের পরিবারকে খবর দেয়।
নিহত ইমরানের বাবা খলিল ফিটার বলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি তাকে কেউ হত্যা করেছে। তবে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি। ঘটনার সুস্থ তদন্ত করে খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, সুরতহালে প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বলেও জানিয়েছেন তিনি।