খুলনায় মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

খুলনায় মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে নগরীর নিরালা সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, হাসানুল হক স্বাধীন, জি এম শাহনেওয়াজ বাশার শুভ, ফারুক শেখ, আজগর হোসেন ও আবু তালহা। তারা নগরীর নিরালা প্রািন্তক আবাসিক এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকে।

নগরীর সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ জানান, ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে রিকশা ও ইজিবাইকের যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চক্রের প্রধান স্বাধীনসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় এসআই সুকান্ত দাস বাদী হয়ে মোবাইল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।