সাকিব আল হাসান কি যাচ্ছেন ভারত সফরে? অন্য সবকিছু ছাপিয়ে এটিই এখন দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয়। দুদিন পরই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ টি-টোয়েন্টি দলের। কিন্তু এখনো অনেক প্রশ্ন ঘুরছে চারদিকে।
এমন অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক আকরাম খান সোমবার রাতে মুখোমুখি হলে সংবাদমাধ্যমের। বললেন অনেক কিছু নিয়েই।
আকরাম খানের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার নতুন করে ঘোষিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি স্কোয়াড। যা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমেই ঘোষণার কথা ভাবছে বিসিবি। যেখানে সাকিবের ভারতে যাওয়া না যাওয়াসহ অনেক বিষয়েরই উত্তর মিলবে।
ভারত সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষিত হয়েছিল গত ১৭ অক্টোবর। তবে ১৫ সদস্যের সেই দলে থাকা সাইফউদ্দিন ছিটকে যান চোটের কারণে। পরে পারিবারিক কারণে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। এই দুজনের বদলি হিসেবে এখনো কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ‘টি-টোয়েন্টি দল কাল ১২টা, ১টার দিকে দেব। টেস্ট টিমটা কিছুদিন সময় লাগবে আমাদের।’
একবার স্কোয়াড ঘোষিত হলেও আবার নতুন করে স্কোয়াড ঘোষণা কেন? আকরাম বলেন, ‘যেহেতু তামিম যাচ্ছে না। কিছু পরিবর্তন আসছে। আমাদের অভ্যন্তরীণ কিছু আলাপ-আলোচনা আছে। সেই ভিত্তিতে কালকে আমরা টিম দিয়ে দেব।’
সাকিব আল হাসান কি এই দলে থাকছেন? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন তার না যাওয়ার ব্যাপারে। জানতে চাইলে আকরাম বলেন, ‘সাকিবের বিষয়টি বললাম তো... কালকেই আমরা টিম দেব।’
সাকিব অনিশ্চিত এটা বলতে চাইলেন না আকরাম, ‘অনিশ্চিত না... বাইরে থেকে আপনাদের মাধ্যমে যা শুনছি। যে সে (সাকিব) যাচ্ছে কি যাচ্ছে না। সে দুই দিন প্র্যাকটিস করেনি। কোচের কাছ থেকে অনুমতি নিয়েছে। অনুমতি নিয়েই সে খেলছে না। কাল আপনাদের বিস্তারিত জানিয়ে দেব।’
এদিকে এদিন নিজেদের মধ্যে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। এই ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে বসবে টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কর্তারা। ভারতের দেওয়া দিবারাত্রির টেস্ট খেলার বিষয়ে আলোচনা হবে সেখানে। আকরাম জানান, এখানে খেলোয়াড়দের মতামতকে প্রাধান্য দিচ্ছেন তারা।