ময়মনসিংহে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

ময়মনসিংহ নগরীতে পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর আমপট্টি এলাকায় একটি ককশিটের গুদামে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে কর্মচারী সুমন মিয়া (২৫) মারা যান। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই গুদামের সব মাল পুড়ে গেছে। পরে গুদামের পাশের কক্ষে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হওয়া সুমনের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এর আগে গত রবিবার রাত সাড়ে ১১টায় নগরীর সূচনা সেন্টার পয়েন্ট নামে একটি শপিংমলে অগ্নিকাণ্ডে পুড়ে যায় তিনটি কাপড়ের দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।