দুর্নীতির মামলা

বগুড়ার সেই তুফানের জামিন দেয়নি হাইকোর্ট

বগুড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কারাগারে থাকা জেলা শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূ©ত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় তাকে জামিন দেয়নি হাইকোর্ট।

তুফানের করা জামিনের আবেদনটি গতকাল সোমবার উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় বিচারপতি  মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খান।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, সম্পদের হিসাব বিবরণী দিতে দুদকের নোটিস জারির পরও জবাব দেননি তুফান। তার বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা জ্ঞাত আয় বহিভূ©ত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। ধর্ষণের মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে কারাগারে রয়েছে তুফান।