নভেম্বরের প্রথম সপ্তাহের আগে পেঁয়াজের দাম কমার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
তিনি বলেন, মিশর থেকে ৭০০০-৮০০০ টন পেঁয়াজ আনা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পেঁয়াজের চালান দেশে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তার আগে পেঁয়াজের দাম কমার কোনো সুযোগ নেই।’
রাজধানীর একটি হোটেলে সোমবার বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) আয়োজিত বিজনেস কনফিডেন্স সার্ভে ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
টিপু মুন্সী বলেন, আশা করি, পেঁয়াজের নতুন চালান আসার পর বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের ব্যয় সোমবারে প্রতি কেজি ৭০ টাকায় দাঁড়িয়েছে। যা প্রায় ১৫ দিন আগে ছিল ৪২ টাকা।
দেশের ৭-৮ লাখ টন পেঁয়াজের ঘাটতি দূর করতে ভারত থেকে আমদানির ওপর নির্ভর করতে হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এ জাতীয় সংকট রোধ করতে স্থানীয় উৎপাদন বাড়ানোর কথা ভাবা হচ্ছে।
তিনি দাবি করেন, পেঁয়াজের কৃত্রিম সংকটের পেছনে একদল অসাধু ব্যবসায়ী রয়েছেন। সারাদেশে এ পর্যন্ত প্রায় ২ হাজার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সূত্র: ইউএনবি।