সিনেমার গান লিখছেন মুহম্মদ জাফর ইকবাল

জনপ্রিয় লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রথমবারের মতো গান লিখছেন।  জানা যায়,  নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য গান লিখবেন তিনি।

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর চিত্রনাট্য তৈরি করেছেন জাকারিয়া সৌখিন। চলতি বছরের এপ্রিলে (২০১৮-২০১৯ অর্থবছর) ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ছবিটির পাণ্ডুলিপি।

ছবিটি ‘নসু ডাকাত কুপোকাত’ নামে অনুদান পেলেও মুহম্মদ জাফর ইকবাল ও মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে নামটি পরিবর্তন করে পরিচালক নতুন নাম দিয়েছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

পরিচালক জানিয়েছেন, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ করে আনা হয়েছে। ছবিটির জন্য দুটি গান নির্মাণ করছেন পরিচালক। দুটি গানই লিখবেন মুহম্মদ জাফর ইকবাল। অনুদানপ্রাপ্ত শিশুতোষ এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।