হোয়াটমোর বললেন সাকিব অধিনায়ক ভাবতে পারিনি

সাকিব আল হাসানকে বিশ্বক্রিকেট দাপিয়ে বেড়াতে দেখে অভিভূত বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। ২০০৩-০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান। তার সময়েই জাতীয় দলে অভিষেক হয় সাকিবের। সাকিবে মুগ্ধ হোয়াটমোর বলছেন, ‘শুরুর সময়ে ভাবিনি সাকিব একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’

এই মুহূর্তে ভারতের কেরালা ক্রিকেটের দায়িত্বে রয়েছেন হোয়াটমোর। নভেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজ নিয়ে ভারতীয় এক দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো দল। দু’দলের টি-টোয়েন্টি সিরিজটা জমজমাট হবে বলে মত হোয়াটমোরের।

সাকিব আল হাসানকে নিয়ে আলাদা করে বলতে গিয়ে হোয়াটমোর বলেন, ‘তার ক্যারিয়ার যেভাবে এগিয়েছে তা দেখে সত্যিই খুশি। ওই সময়ে কখনো ভাবিনি সে তার দেশকে নেতৃত্ব দেবে। এ কৃতিত্ব তার।’ ভারতের বিপক্ষে সিরিজে সাকিব জ্বলে উঠবে উল্লেখ করে হোয়াটমোর বলেন, ‘সে পরিপূর্ণ একজন অলরাউন্ডার। বিশ্বকাপে সে দারুণ ছন্দে ছিল। আমি নিশ্চিত ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে সে তেমনভাবেই (বিশ্বকাপের মতো) নিজের সেরাটা দেবে।’