বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক সম্পসারণ করা হচ্ছে।
আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ অপারেশনের পরিধি এবং ব্যাপ্তি ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৮ বছরে বিমান নানা বিবর্তনের মধ্য দিয়ে তার সময় অতিবাহিত করলেও দেশের এভিয়েশন শিল্পের বিকাশে বিমান পথপ্রদর্শক। গতকাল সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) ইনামুল বারী, বেবিচকের চেয়ারম্যান মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মাহবুব আলী বলেন, বিমান বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। তাছাড়া দুবাই, আবুধাবি, মাসকাট, দোহা, লন্ডন, কুয়েত, দাম্মাম, কাঠমান্ড, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, দিল্লি ও কলকাতা রুটে ফ্লাইট চলছে। আজ (গতকাল) থেকে ঢাকা-মদিনা-ঢাকা ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বিমানের নেটওয়ার্ক সম্পªসারণের আরও একধাপ পূর্ণ হলো। তিনি বলেন, মদিনায় মহানবী হজরত মুহাম্মদের (সা.) রওজা শরিফ পরিদর্শন, হজ ও ওমরাহ পালন করতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি প্রতিবছর সৌদি আরব গমন করেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি ও বিপুলসংখ্যক শ্রমিক বসবাস করেন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে ও নির্দেশনায় বিমান বহরে ১০টি সর্বাধুনিক উড়োজাহাজ যুক্ত হয়েছে। এই বছরই আরও দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরে যুক্ত হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশনায় বিমান সামনে এগিয়ে যাচ্ছে। বিমানের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, ঢাকা থেকে মদিনায় সপ্তাহে ৩ দিন (শনি, সোম ও বুধবার) এবং চট্টগ্রাম থেকে ১ দিন (বৃহস্পতিবার) ১টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।