উয়েফা অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে দুর্দান্ত খেলায় খুশি হয়ে পর্তুগাল দলের খেলোয়াড়দের বুট উপহার দিয়েছেন দেশটির তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে তাদের উদ্দেশে লিখেছেন এক উৎসাহব্যঞ্জক চিঠি।
বাছাই পর্বের প্রথম ম্যাচে ইসরায়েলকে ৪-১ হারানোর পর লাটভিয়াকে ৪-০ উড়িয়ে দেয় পর্তুগাল অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। জায়গা করে নেয় প্রতিযোগিতাটির মূল পর্বে।
সোমবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল কিশোরীরা। ম্যাচটির আগেই পর্তুগাল দলের শিবিরে পৌঁছে যায় পুরস্কারসহ রোনালদোর প্রেরণামূলক চিঠি।
জাতীয় অনূর্ধ্ব-১৭ মহিলাদের পারফরম্যান্সে খুশি হয়ে দলের প্রত্যেককে এক জোড়া করে বুট উপহার দিয়েছেন ‘সিআর সেভেন’। যে ব্র্যান্ডের বুট পরে খেলেন রোনালদো, সেই বুট অর্থাৎ ‘মারকিউরিয়াল ড্রিম স্পিড’ ব্র্যান্ডের বুট উপহার হিসেবে দিয়েছেন জুভেন্টাস তারকা।
পাশাপাশি চিঠিতে কিশোরীদের উদ্দেশে রোনালদো লিখেছেন- “মারকিউরিয়াল ড্রিম স্পিড ব্র্যান্ডের বুট তোমাদের জন্য পাঠালাম। এই আশায় যে, এই বুট পায়ে তোমরা হয়তো আমার মতো নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে। আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা স্বপ্নের পেছনে রোজ পাগলের মতো ছুটতাম। তবে এটা সেই স্বপ্ন নয়, যা তোমরা রাতে ঘুমের মধ্যে দেখো। এটা সেই স্বপ্নগুলোর মধ্যে একটি, যা তোমরা খুব করে চাও, যা তোমাদের রাতে জাগিয়ে রাখে।”
“আমি বিশ্বের সেরা ফুটবলার হতে চেয়েছিলাম। আমার স্বপ্নের পেছনে আমি আমার জীবনটা উৎসর্গ করেছি। স্বপ্ন সম্ভব করতে জিম, মাঠে কঠোর অনুশীলনসহ প্রয়োজনীয় সবকিছু করেছি। স্বপ্ন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই স্বপ্নে পৌঁছাতে কঠোর পরিশ্রম করাটা আরও গুরুত্বপূর্ণ।”
“আমি আমার স্বপ্নটা উপলব্ধি করতে পেরেছিলাম। আমি আশা করি, তোমরাও পারবে। কোনো দ্বিধা ছাড়াই স্বপ্ন ছোঁয়ার চেষ্টা কর। আমি যদি করতে পারি, তোমরাও এটা করতে পারবে। মূল পর্বে ওঠায় অভিনন্দন।”