ফ্রান্সের বাওয়ান শহরের একটি মসজিদে আগুন লাগানোর চেষ্টা করেছেন এক ব্যক্তি। ঘটনাটি দেখে ফেললে দুই ব্যক্তিকে গুলি করা হয়।
আল জাজিরা জানায়, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম ক্লড সিঙ্ক। হামলার পর তাকে বাড়ির কাছ থেকে আটক করা হয়। মসজিদে আগুন লাগানোর চেষ্টা ছাড়াও ওই হামলাকারী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
৮৪ বছর বয়সী এই হামলাকারী সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টার দিকে ওই মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টা করেন।
এ সময় দুই ব্যক্তি দেখে ফেললে তিনি তাদের ওপর গুলি চালান। গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদের বয়স যথাক্রমে ৭৪ ও ৭৮ বছর।
এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এক টুইট বার্তায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এবং আমাদের মুসলিম দেশবাসীদের সুরক্ষার জন্য সবকিছু করা হবে।”
এখন পর্যন্ত হামলাকারীর হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি বলে দেশটির নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে।