কুমিল্লা মুরাদনগরে শোবার ঘর থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বি-চাপিতলা গ্রামের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৫) ও তার স্ত্রী একই গ্রামের হারুন মিয়ার মেয়ে রুজিনা আক্তার (২৮)। তাদের তিন মেয়ে রয়েছে।
ফারুকের বড়ভাই সহিদ মিয়া বলেন, ‘ফারুক ঢাকায় লেবারের কাজ করত। সোমবার রাতে কখন বাড়িতে এসেছে, তা আমরা জানি না। সকালে উঠে শোবার ঘরে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
বাঙ্গরাবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ফারুক আত্মহত্যা করেছেন। রুজিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। এদিকে এ খবর শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম।