বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সœাতকোত্তর (মাস্টার্স) দ্বিতীয় সেমিস্টারের চ‚ড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে প্রায় ৮ মাস আগে। কিন্তু এই দীর্ঘ সময় পার হওয়ার পরও ফল প্রকাশ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন লোকপ্রশাসনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই ফল প্রকাশে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, লোকপ্রশাসন বিভাগের শিক্ষকরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে ইতিপূর্বে সংবাদের শিরোনাম হয়েছেন। চলতি বছরের ২৫ এপ্রিল লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের ও একই বিভাগের প্রভাষক সামান্তা তামরিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একে অন্যের বিরুদ্ধে হুমকি ও অপমানের লিখিত অভিযোগ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, লোকপ্রশাসন বিভাগের শিক্ষকরা কার্যত দুটি গ্রুপে বিভক্ত রয়েছেন। একদিকে রয়েছেন বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহেরের নেতৃত্বে বিভাগের অন্য দুই শিক্ষক মাশরেকি মুসতারি ও মুজাহিদুল ইসলাম। অন্য গ্রুপে রয়েছেন বিভাগের অপর তিন শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী, আসাদুজ্জামান আসাদ ও সামান্তা তামরিন। বিভাগীয় প্রধানকে বিভিন্ন কাজে অন্য তিন শিক্ষকের অসহযোগিতার কারণেই ফল প্রকাশসহ বিভিন্ন সংকটের সৃষ্টি হচ্ছে।
ফল প্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাল্ট প্রকাশ না হওয়ায় তাদের অনেকেই এমফিল কিংবা বিভিন্ন উচ্চতর কোর্সে ভর্তি হতে পারছেন না। তাছাড়া বর্তমান সময়ে চাকরির বিজ্ঞাপনে স্পেশালাইজড কয়েকটি বিষয় ছাড়া বাকি সব বিষয়ে ন্যূনতম যোগ্যতা হিসেবে সœাতকোত্তর চায়, ফলে বিভিন্ন বিজ্ঞপ্তির বিপরীতে চাকরির আবেদন করতে পারছেন না। এ নিয়ে ক্ষোভের শেষ নেই ফলাফল প্রত্যাশীদের। প্রতিবাদ করতে গেলে ফলাফল প্রকাশে আরও বিলম্ব হওয়ার আশংকায় কেউ প্রকাশ্যে শিক্ষকদের বিরুদ্ধে মুখ খুলছেন না।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের সেশনের অন্য বিভাগের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে প্রকাশিত চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারলেও ফল প্রকাশ না করায় তারা আবেদন করতে পারছেন না। বিষয়টি বিভাগের শিক্ষকদের অবগত করা হলেও তারা আমলে নিচ্ছেন না।
নাম প্রকাশ না করার শর্তে ফলপ্রার্থী এক শিক্ষার্থী বলেন, ‘বিভিন্ন সময় বিভাগের শিক্ষকদের সঙ্গে দেখা করে দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছি। তবে আমরা বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জেনেছি যে হাতেগোনা দুই-একজন শিক্ষকের কারণে ফল প্রকাশ করা হচ্ছে না।’
জানতে চাইলে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের জানান, শিক্ষক সংকটের কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এ সময় শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।