৯ বছর পর ত্রিপুরা থেকে মানসিক ভারসাম্যহীন মেয়ে ফিরল মায়ের কোলে

দীর্ঘ নয় বছর পর ত্রিপুরা থেকে মায়ের কাছে ফিরেছেন বীথি আক্তার (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নারী। ভারতের ত্রিপুরা থেকে দেশে ফিরে মা সাফিয়া বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বীথি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সহকারী হাইকমিশনার কীরিটি চাকমা ও ত্রিপুরা রাজ্যের মডেল মানসিক হাসপাতালের চিকিৎসক ডা. জ্যোতিময় ঘোষ আখাউড়া স্থলবন্দর চেকপোস্টে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবিরের কাছে বীথিকে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব এস এম আসাদুজ্জামান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কবির, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা।

বীথি নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুয়া গ্রামের হিমায়েত খন্দকারের মেয়ে।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন বীথি ২০১০ সালে ঢাকা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। ২০১২ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার সালেমা থানা-পুলিশ তার সন্ধান পায় এবং তাকে আদালতে হাজির করে। তবে মানসিকভাবে অসুস্থ হওয়ায় তিনি কীভাবে ত্রিপুরায় গেছেন সে তথ্য কেউ জানাতে পারেনি। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে চিঠি চালাচালি হয়। বীথি মানসিক ভারসাম্যহীন হওয়ায় ওই বছরের ১৭ মার্চ আদালতের নির্দেশে তাকে ধলাই জেলার মডার্ন মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি এত দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহায়তায় বুধবার দুপুরে নিজ দেশে ফেরেন বীথি।

দীর্ঘ ৯ বছর পর মেয়েকে পেয়ে মা সাফিয়া বেগমও কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। মা-মেয়ের এ দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়েন সেখানে উপস্থিত সবাই। মেয়েকে ফিরে পেয়ে ভারত ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাফিয়া বেগম।

ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা সাংবাদিকদের জানান, ত্রিপুরা রাজ্য সরকার ও পুলিশকে আমরা ধন্যবাদ জানাই। তারা এ উদ্যোগ না নিলে বীথির কি হতো সেটি আমরা জানি না। মডার্ন মানসিক হাসপাতালে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিক চিকিৎসাধীন। তাদের দেশে ফেরাতে আমরা উদ্যোগ নেব।