সোনাগাজী উপজেলায় বুধবার দুপুরে নির্মাণের দুই বছর পর ১০ শয্যার মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। ফেনী-৩ আসনের এমপি মাসুদ উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে চরদরবেশ ইউনিয়নের চাঁন মিয়ার দোকান নামক স্থানে হাসপাতালটি উদ্বোধন করেন।
চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ ১৫ জন জনবল থাকার কথা থাকলেও মাত্র দুজন নার্স ও একজন আয়া দিয়ে চালু হলো হাসপাতালটির স্বাস্থ্যসেবা কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানের পর ওই হাসপাতালে দিনব্যাপী ‘স্বাভাবিক প্রসব সেবা জোরদারে অবহিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।
হাসপাতাল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি কে এম এনামুল করিম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদা হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. শরীফ প্রমুখ।