রাজশাহীর শহররক্ষা বাঁধে ধস

পদ্মা নদীর পানি কমতে থাকায় রাজশাহী শহররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বুধবার সকালে নগরীর টি-বাঁধ এলাকার পুলিশ লাইনসের সামনে প্রায় ২ কিলোমিটার এলাকায় ধস দেখা দেয়। তবে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আগামী বন্যা মৌসুমের আগে বাঁধ সংস্কার করা হবে।

সরেজমিনে টি-বাঁধ এলাকায় দেখা যায়, শহররক্ষা বাঁধের টি-গ্রোয়েন এলাকায় পুলিশ লাইনসের সামনে পাড়ের মাঝমাঝি অংশ থেকে সিসি ব্লক বসানো বাঁধের নিচের অংশে যেসব জিও ব্যাগ ফেলা হয়, তা পানিতে নেমে গেছে। প্রায় ২ কিলোমিটার এ অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, চলতি বছর পদ্মার পানি বাড়তে থাকলে শহররক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে জরুরিভিত্তিতে ওই সব জিও ব্যাগ ফেলে পাউবো। ফলে বন্যার সময় কোনো ভাঙন হয়নি। কিন্তু এখন পানি নামতে থাকলে বাঁধে ফাটল শুরু হয়। এই এলাকায় আগে নারকেলগাছ ছিল। কয়েক বছর আগে ভাঙনে সেগুলো নদী ভাসিয়ে নেয়। এরপর গত শুষ্ক মৌসুমে ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে শহররক্ষা বাঁধের এ অংশে সিসি ব্লক বসানো হয়।

পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম জানান, টি-বাঁধের কিছু অংশের সিসি ব্লক আগেই দেবে গেছে। অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে সমাধান করা হলেও এখন নতুন করে ধস দেখা দিয়েছে। তবে এখন বন্যার আশঙ্কা নেই। এ জন্য সংস্কারকাজে হাত দেওয়া হবে না। তিনি আরও জানান, রাজশাহী শহররক্ষা বাঁধ স্থায়ীভাবে রক্ষায় প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় তালাইমারীর ১ কিলোমিটার বাঁধ নির্মাণ ছাড়াও টি-বাঁধ এলাকায় সংস্কারকাজ করা হবে।