এক বছর পর অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী শায়লা সাবি। ফিরেই কাজ করেছেন মোশাররফ করিম, তাহসান, আফরান নিশো, জোভান ও ইরফান সাজ্জাদের সঙ্গে। চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১৪ সালে ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমায় ফেরদৌস আহমেদের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান। তাকে নিয়ে লিখেছেন মাসিদ রণ। ছবি : নাঈম প্রিন্স
ছোট পর্দায় নিজের অবস্থান শক্ত হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসেন গ্ল্যামারাস মডেল ও অভিনেত্রী শায়লা সাবি। এক বছর আগে কন্যাসন্তানের মা হয়েছেন। তাই পুরো একটা বছর ক্যামেরার বাইরে ছিলেন। এখন একটু ফিট হয়েই কাজে ফিরেছেন এই তারকা। সাবি বলেন ‘অভিনয়, নাচ, মডেলিং এগুলো আমার খুবই পছন্দের। বেশিদিন দূরে থাকতে পারি না। এখন থেকে বেছে বেছে ভালো কিছু কাজ করব। আগের মতো পুরো মাস শ্যুটিং না করলেও ১৫ দিন কাজ করার ইচ্ছা আছে।’
ফেরার পর সাবির কাজের ফিরিস্তি দেখে বোঝাই যাচ্ছে তিনি মানসম্মত কাজ নিয়েই এগোচ্ছেন। এরই মধ্যে ৫টি খন্ড নাটকে অভিনয় করেছেন। ফেরার প্রথম নাটক নিয়ে সাবি বলেন, ‘এ মাসেই ‘অন্যরকম ভালোবাসা’ নাটকে প্রিয়ন্তী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছি। এলিনা শাম্মীর রচনা ও শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় এতে আমার বিপরীতে অভিনয় করেছিলেন ইরফান সাজ্জাদ। মজার বিষয় হলো, আমার জীবনের প্রথম নাটকের নায়কও ছিলেন ইরফান সাজ্জাদ। তবে শ্রাবণী আপুর সঙ্গে এটিই আমার প্রথম কাজ। তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, তাই কাজটি করার আগে খুব নার্ভাস ছিলাম। মনে হচ্ছিল সেই প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতি আবার আমার মুখোমুখি। প্রিয়ন্তী চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে দারুণভাবে সহায়তা করেছেন ইরফান। নাটকটি এরই মধ্যে ‘ক্লাব ইলেভেন’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। বেশ ভালো সাড়া পাচ্ছি।’
এছাড়া শায়লা সাবি কাজ করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের ১০০তম নাটকে। মাবরুর রশীদ বান্নাহর এই নাটকের নাম ‘মেমোরিজ-কল্পতরুর গল্প’। একই পরিচালকের ‘মনিরুল সাহেবের বুয়াপ্রীতি’ নাটকে কাজ করেছেন মেধাবী অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে। আফরান নিশোর সঙ্গে করেছেন ‘বিএফ পাশ’ নামের একটি নাটক। আর গত সোম ও মঙ্গলবার শ্যুটিং করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে ‘জুতোর দোকানদার’ নাটকের।
জনপ্রিয় এই পাঁচ অভিনেতার এমন একটা করে গুণের কথা বলুন যার জন্য তিনি সবার থেকে আলাদা এমন প্রশ্নের উত্তরে সাবি বেশ চিন্তায় পড়ে গেলেন। ভেবেচিন্তে উত্তর দিলেন ‘প্রথমে বলতে চাই মোশাররফ করিমের কথা। তার সঙ্গে এর আগে কয়েকটি কাজ করেছি। তিনি এককথায় আমার কাছে শিক্ষকের মতো। ধরে ধরে শিখিয়ে দেন কীভাবে অভিনয়টা করলে আরও ভালো হবে। তার সেই শিক্ষা আমি প্রতিনিয়ত কাজে লাগাই। আর তাহসানের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তাই শটের আগে আমি খুবই ভয় পেয়েছিলাম। কাজটি তার ১০০তম নাটক। আমার জন্য যাতে কোনো অসুবিধা না হয়, এই ভেবে বেশি সাবধান ছিলাম। ব্যাপারটা দ্রুতই বুঝে ফেলেন তাহসান। আমাকে এত বেশি কমফোর্টেবল করে দেন, যা বলার মতো নয়। তাছাড়া পুরো সেটের সবার সঙ্গে তিনি যে বিনয়ের সঙ্গে কথা বলেন যা যে কাউকে মুগ্ধ করবে। নিশোর কথা আর কী বলব! সবাই জানেন তিনি কেমন! আমি তার কাছ থেকে বেশ সাপোর্ট পাই। ইরফান সাজ্জাদ আমার বড় ভাইয়ের মতো। তার সঙ্গে কাজ করলে খুব একটা চিন্তা থাকে না। সবকিছু নিজেই ম্যানেজ করে নেন। আর জোভানের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। ভেবেছিলাম তিনি অনেক মিশুক হবেন। কিন্তু তিনি অতটা মিশুক না সত্যি, তবে অনেক প্রফেশনাল। কাজটা ভালো করার চেষ্টা করেন।’
সিনেমায় আবার কবে দেখা যাবে জানতে চাইলে সাবি বলেন, ‘প্রিয়া তুমি সুখী হও’ ও ‘ঘাসফুল’ সিনেমাটি দুটি অনেক আগে মুক্তি পেয়েছে। এছাড়া সাইমন তারিকের ‘ক্রাইম রোড’ ও তানিম রহমান অংশুর ‘আদি’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে নতুন একটি আর্ট ফিল্মে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। গল্পটি বেশ ভালো। কিন্তু সিনেমা করতে টানা বেশ কদিন সময় দিতে হয়। আমার বাচ্চা এখনো অনেক ছোট। সব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব। এজন্য এখনই এ ব্যাপারে আর কিছু জানাতে চাই না।’