রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে এই ঘটনাগুলো ঘটে।
গুলিস্থান বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয় বিল্লাল বেপারী (২৪) নামের এক যুবক। রামপুরা আফতাব নগরে ভবন থেকে নিচে পড়ে নিহত হয় জালাল হোসেন (৫০) নামের এক সিকিউরিটি গার্ড ও ভাষানটেকে মদ্যপানে মৃত্যু হয়েছে মো. শাকিল (২৯) নামের এক শিক্ষার্থীর।
পল্টন থানার উপপরিদর্শক মো. শাহিন উদ্দিন জানান, বিল্লাল বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনী গ্রামের কামাল বেপারীর ছেলে। তার মানসিক সমস্যা ছিলো। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন তিনি। ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনের রাস্তায় কোনো যানবাহনের ধাক্কায় নিহত অবস্থায় পড়ে ছিলেন তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এদিকে রামপুরা আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে যায় জালাল।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী তোফায়েল আহমেদ জানান, জালালের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে।
জালাল আফতাবনগরের একটি ৯তলা নির্মাণাধীন ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন ওই ভবনেই। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই ভবনের ৩ তলা থেকে ২য় তলায় পড়ে যান তিনি। পরে দেখতে পেয়ে সহকর্মীরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শাকিলের বাসা মোহাম্মদপুর কাঁটাসুরে। তার স্ত্রী সুলতানা সাদিয়া তাকে সকাল ৭টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসকদের জানান শাকিল ভাষানটেক ক্যান্টনমেন্ট ১২৭ নম্বর বাসায় মদ্যপান করেছে। প্রথমে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের সহপাঠীরা নাম না প্রকাশ করার শর্তে জানান, শাকিল শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনার বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। ২ বছর হয় তিনি বিয়ে করেছেন। তার বাবার নাম সাইদুল ইসলাম।