শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও মঙ্গলবার খেলেছেন। পরের দিনই গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে জানা গেল গুরুত্বপূর্ণ এক খবর। ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অলরাউন্ডার!
অস্ট্রেলিয়া দলে মনোচিকিৎসক মিচেল লয়েড জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগতে থাকা ম্যাক্সওয়েল সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন। লয়েড জানিয়েছেন, ম্যাক্সওয়েলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কারণ, “কিছু মানসিক সমস্যা বোধ করছে ম্যাক্সওয়েল। এজন্যই সে খেলা থেকে কিছুটা সময় দূরে থাকতে চায়। আমাদের জানিয়েছে, সে নিজে থেকেই এসব সমস্যা খুঁজে বের করেছে।”
ম্যাক্সওয়েলের এমন সিদ্ধান্তে বোর্ডের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের জেনারেল ম্যানেজার বেন অলিভার।
“আমাদের কাছে ক্রিকেটারদের স্বাস্থ্যের ব্যাপারটা সবার আগে। ম্যাক্সওয়েল আমাদের পূর্ণ সমর্থন পাবে। সে যেন সুস্থ হয়ে আবার খেলায় ফিরতে পারে সেই ব্যাপারে আমরা তাকে সাহায্য করব। আমরা চাই সবাই ম্যাক্সওয়েল ও তার পরিবারকে একটু একা থাকতে দিক। সে অস্ট্রেলিয়ার জন্য বিশেষ একজন ক্রিকেটার। এই গ্রীষ্মেই সে দলে ফিরবে, এমনটাই আশা করছি।”
শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য ম্যাক্সওয়েলের পরিবর্তে ডাক পেয়েছেন ডিআর্কি শর্ট।