সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, ‘দেশে গুম-খুন, ধর্ষণ আর উন্নয়নের নামে জনগণের ট্যাক্সের টাকা লোপাট করা হচ্ছে। ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এই স্বৈরাচারী শাসন প্রতিহত করতে হবে।’
বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্নীতি ও ধর্ষণবিরোধী বিভাগীয় ছাত্র সমাবেশে জোনায়েদ সাকি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে সরকার প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দলদাসে পরিণত করেছে। হলগুলোতে টর্চার সেলের মাধ্যমে ছাত্রদের নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সমাবেশে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক নবীন আহমেদ, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু প্রমুখ বক্তব্য দেন।