নওগাঁর ধামইরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা পুলিশ-ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাসির উদ্দিন (৩৬) ও কনস্টেবল মনির হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আগ্রদ্বিগুন কাশিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসির উদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে আর মনির হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তারা দুজনেই দুবছর ধরে নওগাঁ জেলা ডিবিতে কর্মরত ছিলেন।
নওগাঁ জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলা ডিবি পুলিশের একটি টিম ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে যায়। পথিমধ্যে আগ্রদ্বিগুন–মধইল আঞ্চলিক সড়কের কাশিপুর নামক স্থানে বাঁক ঘোরার সময় বাসির ও মনিরের মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি আম গাছের সঙ্গে ধাক্কা খায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার জুমার নামাজের পর নওগাঁ পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।