মোস্তাফিজকে সামলানো শিখতে গিয়ে ইনজুরিতে রোহিত

বাংলাদেশ দলে মোস্তাফিজের মতো বাঁহাতি কাটার স্পেশালিস্ট থাকায় বিশেষ অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন রোহিত শর্মা। শুক্রবারের অনুশীলনে আহত হওয়ার পর দ্বিতীয়বার আর তাকে নেটে দেখা যায়নি।

বাঁহাতি পেসারদের সামলাতে ব্যাটসম্যানরা প্রায়ই নেটে ‘থ্রো ডাউন’ নেন। মূল বোলারদের সামলানোর আগে এভাবে অনুশীলন করা হয়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মোস্তাফিজের কথা চিন্তা করে রোহিতের জন্য বিশেষ এই সেশনটি রাখা হয়। শ্রীলঙ্কার থ্রোডাউন স্পেশালিস্ট নুয়ানের করা একটি ‘থ্র’ হঠাৎ তার বাঁ পায়ের ঊরুতে লাগে। সঙ্গে সঙ্গে গ্লাভস খুলে নেট ছেড়ে বেরিয়ে যান। এসময় রোহিতকে বেশ বিরক্ত মনে হচ্ছিল।

রোহিতকে পরে আর অনুশীলনে দেখা যায়নি। দল থেকে বলা হয়েছে, তিনি চিকিৎসা নিচ্ছেন।

দিল্লিতে আগামী রবিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। তার আগে রোহিত সেরে উঠবেন কি না, এমন প্রশ্নের জবাবে টিম ইন্ডিয়ার এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘চিকিৎসা চলছে। বিস্তারিত কিছু জানা গেলে পরে গণমাধ্যমকে অবহিত করা হবে।’