মেয়র নাছিরের সঙ্গে ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদকের সাক্ষাৎ

কক্সবাজারে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

শুক্রবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

নবম বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগে অংশ নিতে রাম মাধব কক্সবাজার আসেন। ওই ডায়ালগ উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈঠকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ভারতকে বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ভারত বাংলাদেশের উন্নয়নের সহযোগী রাষ্ট্র। উন্নয়নের এই সহযোগিতা আগামী দিনেও অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করি।

‘চট্টগ্রাম একটি বাণিজ্যিক রাজধানী। এখানে পাহাড়, পর্বত, নদী, সমতল পরিবেষ্টিত একটি নান্দনিক শহর। এই শহরকে পরিকল্পিতভাবে সাজানোর পাশাপাশি বিনিয়োগবান্ধব বর্তমান সরকারের গৃহীত লক্ষ-কোটি টাকার মেগা প্রকল্পের’ কথা বিজেপির জাতীয় সাধারণ সম্পাদককে অবহিত করেন মেয়র।

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল, বঙ্গবন্ধু শিল্পনগর, আনোয়ারা শিল্পনগর, কক্সবাজার মাতারবাড়ীতে জ্বালানি হাব এবং চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন নির্মাণের কথা তুলে ধরেন মেয়র।

রাম মাধব সিটি মেয়রের কথা শোনেন এবং ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে রাম মাধব সিটি মেয়রকে ভারত সফরের আমন্ত্রণ জানান বলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।