শপিং মল থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

সাভার বাজার বাসস্ট্যান্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত শপিং মল সাভার নিউ মার্কেটের চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে রুবেল হোসেন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে রুবেল মার্কেটের চতুর্থ তলায় ওঠেন। প্রথমে লাফ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কাছে লোকজন থাকায় কিছুটা দূরে গিয়ে আশপাশ তাকিয়ে রেলিংয়ের ওপর উঠে তিনি লাফ দেন। প্রথমে তাকে পাশের সুপার ক্লিনিকে নেওয়া হলেও সেখানে ভর্তি নিতে রাজি না হওয়ায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রুবেলকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। ঢামেক আইসিইউতে তার মৃত্যু হয়। নিহতের বড়ভাই মোস্তফা জানান, রুবেল কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। মার্কেটের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।