বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশ বাঁচাতে ছাত্র-যুবকদের বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার বগুড়ায় দুই দিনব্যাপী রাজশাহী বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘গত সংসদ নির্বাচন থেকে প্রধানমন্ত্রী বুঝেছেন যে, ভোট ছাড়া নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করা যায় তাহলে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যাবে। নির্বাচনের অভিজ্ঞতা থেকেই হয়তো তিনি পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার কথা বলেছেন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এবং বিএনপিকে দেশের মানুষ ক্ষমতায় দেখেছেন। এ দ্বি-দলীয় রাজনৈতিক ধারা দিয়ে মানুষের সংকট নিরসন হওয়া সম্ভব নয়। এ কারণে এই রাজনৈতিক মেরুকরণের বাইরে একটি বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।’
বিভাগীয় সমন্বয়ক রাগীব আহসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা সভাপতি ইসমাইল হোসেন, রাজশাহীর সভাপতি এনামুল হক, নওগাঁর সভাপতি মহসীন রেজ প্রমুখ বক্তব্য রাখেন।