ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) কানিজ ফাতেমার কোচিং-বাণিজ্য নিয়ে প্রতিবেদন করতে গিয়ে সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাপারসন মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর আজিমপুরে অগ্রগামী কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
আজ শনিবার থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষা। এ লক্ষ্যে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই নির্দেশ অমান্য করে কানিজ ফাতেমা নিয়মিত কোচিং চালিয়ে যাচ্ছেন। সময় টেলিভিশনের প্রতিবেদক পিংকি আক্তার বলেন, ‘কোচিং বন্ধ থাকার পরও কানিজ ফাতেমা নিয়মিত কোচিং চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার একটি প্রতিবেদন করতে অগ্রগামী কোচিং সেন্টারে যাই। তার বক্তব্য নিতে গেলে তিনি প্রথমে দৌড়ে পালিয়ে যান। কয়েক মিনিট পর মেয়ে ও নিজে লোকজন নিয়ে এসে আমাদের মারধর করতে করতে টেনেহিঁচড়ে বের করে দেন। ভেঙে ফেলা হয় ক্যামেরা।’ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান দুঃখ প্রকাশ করে বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’