টাঙ্গাইলে কৃষিমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসার নামে রাজনীতি হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন,  ‘কারাবন্দি খালেদা জিয়া জামিন পাবেন কি পাবেন না তা আদালতের বিষয়। কিন্তু বিএনপির কিছু নেতা চিকিৎসা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।’ গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। অপরদিকে, খালেদা জিয়া দেশ শাসনের নামে এতিমের টাকা চুরি করে খেয়েছেন। বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন।’ ১৬ বছর পর গতকাল টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আব্দুল হামিদ ভোলাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি।