ছুরিকাঘাতে জ্যামাইকা জাতীয় দলের নারী ফুটবলার নিহত

আততায়ীর ছুরিকাঘাতে জ্যামাইকা জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার তারানিয়া ক্লার্ক নিহত হয়েছেন। সংবাদমাধ্যমে আসা খবরে বলা হয়েছে, জ্যামাইকার রাজধানী কিংস্টনে বৃহস্পতিবার হামলার শিকার হন কুড়ি বছর বয়সী এই তরুণী।

শুক্রবার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোবাইল ফোনে এক নারীর সঙ্গে ঝগড়ার সময় হামলার শিকার হলে প্রাণ হারান তারানিয়া। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

জ্যামাইকার নারী লিগে ওয়াটার হাউজ ক্লাবের হয়ে খেলতেন তারানিয়া। গত সেপ্টেম্বরে কিউবার বিপক্ষে জ্যামাইকার ১২-১ গোলের জয়ের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন তিনি। তারানিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জ্যামাইকান ফুটবল ফেডারেশন।