কক্সবাজার সমুদ্র সৈকতে ইয়োগা, মেডিটেশন, পরিচ্ছন্নতা ও মাদকবিরোধী অভিযান অনুষ্ঠিত হয়েছে। শরীর ও মনকে সচল রাখতে এ আয়োজন করেন রাজধানী উত্তরা ইয়োগা সোসাইটি নামের একটি সংগঠন।
শনিবার সকাল ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, শরীর সুস্থ রাখতে ইয়োগা মেডিটেশনের বিকল্প নেই। যারা ইয়োগা মেডিটেশন করে বা করতে চায় তাদের মধ্যে সুস্থ মানসিকতার পরিবর্তন ঘটে। তাই সমাজ পরিবর্তন করতে হলে আমাদেরকে এই ইয়োগা মেডিটেশন পরিচর্যা করতে হবে। তবেই আমরা একটি সুন্দর বাংলাদেশ ও সুন্দর রাজধানী গড়ে তুলতে পারব। কক্সবাজার সমুদ্র সৈকতের সব দর্শনার্থীদের মাধ্যমে যাতে এই বার্তা দেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
ইয়োগা মেডিটেশনে অংশগ্রহণকারীরা কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কারের উদ্যোগ নেয়। মেয়র সে উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আপনারা সমুদ্র সৈকত পরিষ্কারের পাশাপাশি নিজ বাসস্থান, আশপাশের এলাকা এবং নিজেদের মন-মানসিকতাও পরিষ্কার করবেন। এটাই প্রত্যাশা। যাতে এর মাধ্যমে বাকিরাও শিক্ষণীয় হিসেবে গ্রহণ করতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও সরকারের অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল বলেন, আমাদের অনেক সময় ভালো কাটে, আবার কখনও খারাপ সময়ে থাকে। খারাপ সময়টাকে কাটিয়ে ওঠার জন্য এ রকম ইয়োগা মেডিটেশনের ভূমিকা অনেক।
ইয়োগা মেডিটেশনে অংশগ্রহণকারীরা সমুদ্রতীর পরিষ্কারের যে উদ্যোগ নিয়েছে আমরা চাই এ বার্তাটি দেশের পাশাপাশি বিদেশেও ছড়িয়ে যাক। তাহলে শুধু দেশ নয়, একটি সুন্দর বিশ্ব উপহার পাওয়া যাবে। তাই মন পরিষ্কারের পাশাপাশি আমাদের পরিবেশকেও পরিষ্কার করতে হবে।
টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) মোহাম্মদ মুসলিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় এখন ২৪ ঘণ্টায় কাজ করে। যারা এরকম মেডিটেশন বা যোগব্যায়াম করে থাকেন তাদের মন এবং শারীরিক অবস্থা সব সময় ভালো থাকে।
কক্সবাজার সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে উদ্যোগ নেওয়া হয়েছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা চাই এখানে যেসব পর্যটকেরা আসেন তারা যেন এটি দেখে এ ধরনের কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেয়।
অনুষ্ঠানের আয়োজক মো. নাসির উদ্দীন তন্ময় বলেন, যোগ ব্যায়াম এর মাধ্যমে আমরা পাচ্ছি মনো-দৈহিক সুস্থতা। আমরা যদি প্রতিদিন নিয়মিত যোগ ব্যায়াম করি তাহলে মন ও দেহ সুস্থ থাকবে, ধৈর্য ও মনোযোগ বৃদ্ধি করবে। একে প্রসার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।