আ. লীগ নেতাকে হত্যার পর গাছে ঝোলানোর অভিযোগ

খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি মো. শাকিলকে (৫২) হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা।

উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য এলাকায় শুক্রবার রাত ১২টায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল মেরুং ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার পর গলায় গামছা পেঁচিয়ে শাকিলের মৃতদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খায়ের নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে মিন্টু মিয়ার দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাকিলের জমি নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গঠিত কমিটি শনিবার বিরোধপূর্ণ জমি পরিদর্শন করে বিরোধ নিষ্পত্তি করার কথা ছিল।

মূলত জমির বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, শুক্রবার রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটির মুখ বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।