ভালুকায় কমিটি করতে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকায় কমিটি করতে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল শনিবার দুপুরে ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হবিরবাড়ি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার। বক্তব্যে তিনি বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে আবুল কালাম আজাদ বিজয়ী হন। তারপর থেকে নৌকার পক্ষের লোকজনদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। গত ১৯ অক্টোবর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করা হলে নৌকার বিরোধিতা ও দলে অনুপ্রবেশকারীদের নিয়ে আবুল কালাম আজাদ সম্মেলন করতে দেবেন না বলে হুমকি প্রদান করেন এবং ইউনিয়ন আ.লীগের কার্যকরী কমিটির সদস্যদের বলপ্রয়োগ করে স্বাক্ষর নিচ্ছেন। বিষয়টি জেলা ও উপজেলা আ.লীগকে অবহিত করা হয়।

জুলহাস উদ্দিন মাস্টার বলেন, আমরা ওয়ার্ড কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করেছি। নৌকার বিরোধীদের নিয়ে কমিটি করার জন্য সম্মেলন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। কমিটি যাতে সুষ্ঠুভাবে করতে পারি এ জন্য কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরও বলেন, নৌকার বিরোধিতাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করার পর আবুল কালাম আজাদের নেতৃত্বে মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি নিজাম উদ্দিন, সহ-সভাপতি ইসহাগ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম সুরুজ, প্রচার সম্পাদক মকবুল হোসেন মৃধা, ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি আলমাছ উদ্দিন প্রমুখ।