কালকিনিতে পুলিশ পরিচয়ে ছিনতাই

মাদারীপুরের কালকিনিতে পুলিশ পরিচয় দিয়ে মুরাদ হোসেন নামে গ্রামীণফোনের এক কর্মকর্তাকে মারধর করে মোটরসাইকেল, ল্যাপটপ ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ বিষয়ে গতকাল শনিবার সকালে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনির ঘুইঙ্গাকুল গ্রামের সোহরাব হোসেনের ছেলে ও গ্রামীণফোনের আইটি কর্মকর্তা মুরাদ হোসেন মোটর সাইকেলযোগে উপজেলার কাজীবাকাই এলাকার পূর্বমাইজপাড়া থেকে গত শুক্রবার রাত ৯টার দিকে তার বাড়ির উদ্দেশে রওনা দেন। তিনি ওই সড়কের দেলোর বাজারের সামনে এলে পুলিশের পোশাক পরিহিত দুই ছিনতাইকারী একটি মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের জিজ্ঞাসা করলে তারা উপজেলার ডাসার থানার এসআই পরিচয় দিয়ে মুরাদ হোসেনকে মারধর করে সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল, ব্যাগে থাকা চার লাখ টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।

ডাসার থানার এসআই মেহেদী হাসান বলেন, কিছু আলামত সংগ্রহ করেছি। মূলত ছিনতাইকারীরা পুলিশ পরিচয় দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।