বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সাকিব আল হাসানকে দুই বছরের জন্য (এক বছর স্থগিতাদেশ) নিষিদ্ধ করেছে। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না সাকিবের ভক্ত-সমর্থকরা। শাস্তি ঘোষণার পর থেকেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ আবার নিষেধাজ্ঞার নেপথ্যে বিসিবির হাত রয়েছে বলেও মনে করছেন।
এসব অপপ্রচার থেকে নিজের ভক্তদের দূরে থাকার অনুরোধ জানিয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড ফেইসবুক পেজে তিনি লিখেছেন, ‘শুরুতেই বলতে চাই, এই খারাপ সময়ে সকল ভক্ত ও শুভাকাক্সক্ষী যে নিঃস্বার্থ সমর্থন, ভালোবাসা নিয়ে আমার এবং আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শেষ কয়েকদিনে দেশের হয়ে মাঠে নামার গুরুত্ব আমি আরও ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। সেই পরিপ্রেক্ষিতে আমার ওপর শাস্তি আরোপিত হওয়ায় ক্ষুব্ধ সকল ভক্ত ও শুভাকাক্সক্ষীদের ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ করছি।’ দেশের ক্রিকেটারদের জন্য বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে যে ১৩ দফা দাবি পেশ করা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন সাকিব। তাই তার ভক্তদের ধারণা হয়েছে আইসিসির দেওয়া শাস্তির পেছনে বিসিবিরও হাত আছে। সেই ভুল ধারণা ভাঙতে নিজের বক্তব্যে সাকিব লিখেছেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আইসিসি আকসুর পুরো তদন্তটাই ছিল অত্যন্ত গোপনীয় এবং আমার ওপর শাস্তি আরোপিত হওয়ার মাত্র কয়েক দিন আগে বিসিবিকে আমি এ ব্যাপারে জানাই। দেরিতে জানলেও এমন পরিস্থিতিতে বিসিবিই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। তাই, বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ নিজের দোষও স্বীকার করেছেন সাকিব। ক্রিকেট মাঠের বাইরের যে ঘটনার কারণে তাকে শাস্তি পেতে হয়েছে, সেখানে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি বলেই মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘যারা এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন, সবাইকে ধন্যবাদ। মনে রাখতে হবে, পুরো ব্যাপারটিই একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হচ্ছে। যেহেতু ওই সময়ে আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারিনি তাই আমিও আমার ওপর আরোপিত শাস্তি মাথা পেতে নিয়েছি।’ সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসন কাটিয়ে ২০২০ সালের ২৯ অক্টোবর আবার মাঠে ফিরবেন সাকিব। দেশের জার্সি গায়ে মাঠে নামার আশাবাদ ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘২০২০ সালে বাংলাদেশের হয়ে আবার মাঠে নামার কথা ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছি না আমি। ততদিন পর্যন্ত আপনাদের দোয়া আর প্রার্থনায় আমাকে রাখবেন বলেই আশা করছি। ধন্যবাদ।’