পাকিস্তানকে হার থেকে বাঁচিয়ে দিল বৃষ্টি!

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের দিকে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। এমন অবস্থায় বৃষ্টি শাপে বর হয়ে এল দলটির জন্য। বৃষ্টির বাগড়ায় পরাজয়ের লজ্জা এড়িয়েছে বাবর আজমের দল।

দুই দফায় বৃষ্টির বাধায় অস্ট্রেলিয়া ও পাকিস্তান মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি পণ্ড হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে আসা হয় পনেরো ওভারে। তাতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১০৭ রান করে টসে হারা পাকিস্তান।

৩৮ বলে পাঁচ চার ও দুই ছক্কায় অপরাজিত ৫৯ রান করেন অধিনায়ক ও ওপেনার বাবর। অন্যদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান (৩১) ও আসিফ আলি (১১) ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কেউই।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও ক্যান রিচার্ডসন।

জবাবে ১৯ বলেই বিনা উইকেটে ৪১ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর আবার বৃষ্টির বাগড়া পড়লে খেলা আর শুরু করা যায়নি। ১৬ বলে ৩৭ রান করেন অধিনায়ক ও ওপেনার অ্যারন ফিঞ্চ।

ক্যানবেরায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।