দেশে ফিরতে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার জন্য পরিবার ‘ট্রাভেল পারমিটের’ জন্য আবেদন করলে নিউইয়র্ক মিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’ এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা।’
‘আমি আমাদের নিউইয়র্কের কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’
শাহরিয়ার আলম আরও লিখেন, ‘তিনি (খোকা) এবং তার স্ত্রীর নামে মামলা আছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই)। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।’
প্রসঙ্গত, ক্যান্সার চিকিৎসার জন্য পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। তবে সেখানকার চিকিৎসকরা তার সুস্থ হয়ে ফেরার আশা ছেড়ে দিয়েছেন বলে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা মিল্টন ভূঁইয়া জানিয়েছেন।
দেশের মাটিতে সমাহিত হতে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা শেষ ইচ্ছার কথা জানিয়েছেন। এজন্য তার দেশে ফেরার ব্যবস্থা নিতে সরকারের প্রতি বিএনপি এবং পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
খোকার পরিবারের সদস্যরা জানান, ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তার এবং পরিবারের কয়েকজন সদস্যের কোনো পাসপোর্ট সরকার দেয়নি।